ঢাকা: নিউ মার্কেট এলাকায় একটি ফ্ল্যাট ঘিরে চলমান দখলদারিত্বের ঘটনাটি এখন স্থানীয়দের কাছে 'নাটক ৪২০'-এর মতোই অবিশ্বাস্য হয়ে উঠেছে। এই নাটকে মালিকানার বৈধ কাগজ থাকা সত্ত্বেও ফ্ল্যাটের চাবি নেই মালিকের হাতে, আর জোর করে দখল ধরে রেখেছেন একদল ভাড়াটিয়া!
নাটকের প্রথম দৃশ্য শুরু হয় পুরোনো মালিক তাকিউল হামিদ ছালেম-এর ফ্ল্যাটে। অভিযোগ, তাঁর বৈধ ফ্ল্যাটটি দখল করে রাখেন ভাড়াটিয়া আবু জাফর হোসেন ওরফে নিপু (৫২)। আইনি পথে সমাধান খুঁজতে গিয়ে হয়রানির শিকার হন জনাব ছালেম। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি ফ্ল্যাটটি বিক্রি করার সিদ্ধান্ত নেন।
২০২৫ সালের মে মাসে ফ্ল্যাটটি কেনেন আব্দুর রহমান হাওলাদার (৫০)। তিনি ভেবেছিলেন, নতুন মালিকানা পাওয়ার পর সমস্যা মিটবে। কিন্তু তিনি ফ্ল্যাটটি কেনার পরই জানতে পারেন যে, নাটক কেবল শুরু হয়েছে!
অভিযোগ অনুযায়ী, আসামী আবু জাফর হোসেন ওরফে নিপু শুধু দখল ধরে রাখাই নয়, মালিকের অনুমতি ছাড়াই সেই ফ্ল্যাটটি নিগার সুলতানা (৪৫)-এর হাতে তুলে দিয়েছেন।
বর্তমানে দখলদার নিপু এবং নিগার সুলতানা — দুজনই নতুন মালিক আব্দুর রহমান হাওলাদার-কে নানাভাবে হুমকি দিচ্ছেন। এ যেন সেই কমেডি নাটকের মতো, যেখানে আইনসম্মত মালিকানা মূল্যহীন আর জোর যার, দখল তার। ফ্ল্যাট ভোগদখলের এই ঘটনা আইনের চোখে গুরুতর অপরাধ হলেও, আসামীদের এমন আচরণে মনে হচ্ছে তারা যেন কোনো '৪২০' (প্রতারণা) ধারার চিত্রনাট্য অনুসরণ করছেন!
নিরুপায় নতুন মালিক এখন পুলিশ ও আদালতের কাছে জোরপূর্বক দখলদারদের উচ্ছেদের জন্য আবেদন জানিয়েছেন। এই নাটক কবে শেষ হবে, তার অপেক্ষায় স্থানীয় বাসিন্দারা।