টিডিবি নিউজ | ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মানসিক সংকটে সহমর্মিতার গুরুত্ব তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ প্রদর্শন করেছে বিশেষ পথনাটক ‘All Is Well’।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে নাটকটি মঞ্চস্থ হয়।
বিশ্ববিদ্যালয়জীবনে পড়াশোনার চাপ, পরিবার ও সমাজের প্রত্যাশা, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা কীভাবে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে, তা নাটকটির মাধ্যমে তুলে ধরা হয়।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, নাটকটির অন্যতম উদ্দেশ্য ছিল মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে প্রচলিত ভুল ধারণা দূর করা, প্রয়োজনের সময় পেশাদার মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করা এবং বন্ধু, সহপাঠী ও প্রিয়জনদের জন্য সহমর্মিতাপূর্ণ পরিবেশ তৈরির গুরুত্ব তুলে ধরা।
‘মানসিক সংকটে থাকা মানুষকে বিচ্ছিন্ন নয়, বুঝতে হবে’
নাটকটির নির্দেশক মুবাশ্বির মাহমুদ নিবিড় বলেন, “আমাদের এই নাটকের মাধ্যমে আমরা সমাজের মানসিক স্বাস্থ্য বিষয়ক ভুল ধারণা ও অসংবেদনশীলতাকে প্রশ্ন করতে চেয়েছি। মানসিক সংকটে থাকা মানুষকে বিচ্ছিন্ন না করে, বরং তাদেরকে বোঝা, তাদের পাশে থাকা এবং সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়াই আমাদের নাটকের মূল বার্তা।”
তিনি আরও বলেন, “আমরা সব সমস্যার সমাধান দিতে না পারলেও, মন দিয়ে শোনা, পাশে থাকা এবং নির্দ্বিধায় মনের কথা বলার সুযোগ তৈরি করে একজন মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।”
‘অল্প সময়ে অসাধারণ পরিবেশনা নাট্য সংসদের পেশাদারি দক্ষতার পরিচয়’
পথনাটকটির উদ্যোগ ও পরিবেশনা সম্পর্কে কাউন্সেলিং সাইকোলজিস্ট তানভীর আহমেদ শুভ বলেন, “এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য সৃজনশীল কোনো মাধ্যম খুঁজছিলাম। নাট্য সংসদের সহযোগিতায় ‘All Is Well’ নাটকের মাধ্যমে সেই সুযোগ আসে এবং অসাধারণ একটি পথনাটিকা প্রদর্শিত হয়।”
তিনি আরও বলেন, “খুবই অল্প সময়ে এমন একটি নাটক এত সুন্দর করে সফলভাবে পরিবেশন করা নাট্য সংসদের পেশাদারি দক্ষতার পরিচয়।”
অভিনয় ও নির্মাণে যারা ছিলেন
পথনাটকটি নির্দেশনা দিয়েছেন মুবাশ্বির মাহমুদ নিবিড় এবং সহকারী নির্দেশনায় ছিলেন হৃদয় সরকার।
নাটকটিতে অভিনয় করেছেন অহিদুজ্জামান টনি, তাসনিয়াদ শাওলীন, সুমাইয়া সোহা, মো. মনিরুল ইসলাম, মাহাদি হাসান সাঁঝ, মেহ্ নাজ রহমান লিমা ও পুষ্পিতা চৌধুরী।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দিনব্যাপী আয়োজন
এদিকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তর এবং এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের যৌথ উদ্যোগে টিএসসির পায়রা চত্বরে দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে শিল্প ও সংস্কৃতির ভূমিকা যে গুরুত্বপূর্ণ হতে পারে, ‘All Is Well’ পথনাটকটি সেই বার্তাই তুলে ধরেছে।